বাফেলো পাবলিক স্কুলসের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রস্তাবে সিদ্ধান্ত নিতে পারেনি স্কুল বোর্ড। বুধবার রাতে প্রস্তাবটির ওপর নির্ধারিত ভোট স্থগিত করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের কথা বিবেচনায় নিয়ে বোর্ডকে আরও সময় দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার ম্যাককিনলি হাইস্কুলে অনুষ্ঠিত সভার শুরুতেই অন্তর্বর্তী সুপারিনটেনডেন্ট ড. ইবোনি প্রফেট-বুলক ভোট স্থগিতের ঘোষণা দেন। স্কুল বন্ধের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হতে পারে—এমন আশঙ্কায় সভার আগে থেকেই অনেক কমিউনিটি সদস্য উদ্বেগ প্রকাশ করেন। প্রস্তাবিত বন্ধের প্রতিবাদে সভাস্থলের বাইরেও বিক্ষোভ করেন অনেকে। সভা শুরু হলে ৩০ জনের বেশি নির্ধারিত বক্তা স্কুল বোর্ডের সামনে নিজেদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন। এ সময় বিভিন্ন স্কুলের সমর্থকেরা দাঁড়িয়ে করতালি দেন এবং স্লোগান দেন।
রিভারসাইড হাইস্কুলের শিক্ষক রোজেলিন কাসমির বলেন, শিক্ষার্থীদের স্থানচ্যুত করে স্কুল বন্ধ করাই সমস্যার একমাত্র সমাধান হতে পারে না। সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য সব বিকল্প বিবেচনার আহ্বান জানান তিনি। ভোট স্থগিতের ঘোষণা এলেও সভায় অংশ নেওয়া শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল খোলা রাখার পক্ষে বক্তব্য দেন। এতে কেউ কেউ আশাবাদী হলেও অন্যদের মধ্যে উদ্বেগ রয়ে যায়।
স্কুল বোর্ডের পরবর্তী উন্মুক্ত সভা আগামী সোমবার বিকেল সাড়ে ৫টায় পাবলিক স্কুল ৯৪, ওয়েস্ট হার্টেল একাডেমিতে অনুষ্ঠিত হবে। সেখানে স্কুল বন্ধের প্রস্তাব নিয়ে আলোচনা ও কমিউনিটির মতামত শোনার সুযোগ থাকবে।