হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের

সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে রিয়াদ—এমন দাবি করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। ইরানের মধ্যস্থতায় এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতের টাইমস অব ইন্ডিয়াও বিষয়টি তুলে ধরে। তবে প্রস্তাবিত অর্থের পরিমাণ কিংবা অর্থ হস্তান্তরের কোনো তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তেহরান সফর করেন। একটি কূটনৈতিক সূত্রের দাবি, তিনি সামরিক পরিবহন বিমান হারকিউলিসে করে ১০০ কোটি ডলার নিয়ে ইরানে যান। তবে সৌদি কর্তৃপক্ষ অর্থ বহন বা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেনি। সৌদি আরবের বক্তব্য অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনা কমানো, সংলাপের মাধ্যমে সংকটের সমাধান এবং মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন করতেই এ সফর অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, তিন বছর আগে হওয়া একটি সমঝোতার আওতায় হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলের সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ ও অবকাঠামো পুনর্গঠনে আর্থিক সহায়তার বিষয়টি আলোচনায় ছিল। এর বিনিময়ে হামলা বন্ধ রাখার কথা থাকলেও সমঝোতা বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার প্রেক্ষাপটে নতুন করে কূটনৈতিক তৎপরতা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ১০০ কোটি ডলারের প্রস্তাব এবং বিমানে করে অর্থ নেওয়ার দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Related posts

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

সৌদি ভ্রমণে ৭ দেশের সতর্কতা

৫ হাজারের বেশি নিখোঁজ রেখেই নেপালে উদ্ধার অভিযান শেষ