রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু

প্রায় পাঁচ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া এ আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের পাশাপাশি মার্কিন কর্মকর্তারা অংশ নিয়েছেন। প্রথম দিনের আলোচনা চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে। ওয়াশিংটন আলোচনাকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেছে। স্থানীয় সময় বুধবার সকালে দ্বিতীয় দিনের আলোচনা শুরুর কথা রয়েছে।

মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বৈদেশিক গোয়েন্দাপ্রধান ও প্রধান আলোচক রুস্তেম উমেরভ। অন্যদিকে, রাশিয়ার পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিনসহ দেশটির শীর্ষ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা। ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির প্রতিনিধিরাও আবুধাবিতে অবস্থান করছেন। তবে মস্কো আলোচনাটিকে কঠোরভাবে ত্রিপক্ষীয় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। ইউরোপীয় দেশগুলো আবারও জোর দিয়ে বলেছে, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং ইউরোপের নিরাপত্তা পরস্পরের সঙ্গে সম্পর্কিত।

এদিকে, রাশিয়ার সদিচ্ছা নিয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে সংশয় রয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের নিয়ন্ত্রণ, দেশটির সামরিক বাহিনীর আকার কমানো এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগের মতো দাবিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো অনড় রয়েছেন, যা কিয়েভ প্রত্যাখ্যান করে আসছে। এর আগে অনুষ্ঠিত তিন দফা ত্রিপক্ষীয় আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এবারের আলোচনা নিয়েও প্রত্যাশা সীমিত। তবে যুক্তরাষ্ট্রের দাবি, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামো এবং স্থায়ী শান্তির শর্ত নির্ধারণে আলোচনায় অগ্রগতি আনার চেষ্টা চলছে।

Related posts

ইরানের বিরুদ্ধে আপাতত বড় সামরিক অভিযানের প্রয়োজন নেই: মার্কো রুবিও

আমার সমর্থনে নিশ্চিত পরাজয় এড়িয়েছেন নেতানিয়াহু: ট্রাম্প

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৭ বিলিয়ন ডলার