শেষ হলো ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউন

যুক্তরাষ্ট্রে ৪৩ দিন ধরে চলা ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউন অবশেষে শেষ হয়েছে। মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হওয়া অন্তর্বর্তী অর্থ বিলে বুধবার  ওভাল অফিসে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটে দেশটির সরকারি দপ্তরগুলোতে।

সিএনএন ও এএফপি জানিয়েছে, নতুন বিলের আওতায় আগামী শরৎ পর্যন্ত সামরিক নির্মাণ, ভেটেরান্স অ্যাফেয়ার্স, কৃষি দপ্তর এবং কংগ্রেসের কার্যক্রমে অর্থায়নের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সরকারের বাকি দপ্তরগুলোর জন্য বাজেট বরাদ্দ কার্যকর থাকবে জানুয়ারির শেষ পর্যন্ত।

গত ৩০ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেস নতুন বাজেট অনুমোদনে ব্যর্থ হওয়ার পর প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারীর মধ্যে অনেকে বেতন ছাড়া কাজ করেছেন এবং অনেকে বাধ্যতামূলক ছুটিতে ছিলেন। কর্মীদের অনুপস্থিতিতে এভিয়েশন খাতে বড় ধরনের প্রভাব পড়ে—বাতিল হয় কয়েক হাজার ফ্লাইট, সৃষ্টি হয় বিশৃঙ্খলার।

শাটডাউন শেষ হওয়ায় প্রায় ৬ লাখ ৭০ হাজার সরকারি কর্মচারী আবার কাজে যোগ দিচ্ছেন। যারা বেতন ছাড়া কাজ করেছেন, তারা বকেয়া বেতন পাবেন, এবং যেসব কর্মী বরখাস্ত হয়েছিলেন তাদের পুনর্বহাল করা হবে।

বিলে স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের সমালোচনা করে বলেন, “আমরা কখনো চাঁদাবাজির কাছে নত হবো না। এতদিন যে বিশৃঙ্খলা চলেছে, সেটি জনগণ আগামী নির্বাচনে মনে রাখবে।”

বিল স্বাক্ষরের সময় ট্রাম্পের পাশে ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনসহ রিপাবলিকান নেতারা। জনসন বলেন, “ডেমোক্র্যাটরা জানত শাটডাউনের কারণে সাধারণ মানুষ কষ্ট পাবে, তবুও তারা বিলের পক্ষে ভোট দেয়নি—এটা সম্পূর্ণ অর্থহীন ছিল।”অন্যদিকে, প্রায় দেড় মাসের অচলাবস্থার পর শেষ মুহূর্তে বিলের পক্ষে ভোট দেওয়াকে অনেক ডেমোক্র্যাট ‘অতিরিক্ত ছাড়’ হিসেবে দেখছেন।

 

Related posts

ইরি কাউন্টির ২০২৭ সালের বাজেটে ব্যয় বাড়ছে ৫.৫ শতাংশ

IRS Sets Strict Deadline for Claiming Old Tax Refunds

Queens Ranks Second in NY Foreclosure Risk