বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর, ভোট দেবেন ৩৫ হাজারের বেশি প্রবাসী

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ২১ সদস্যের নির্বাহী কমিটি গঠনে ৩৫ হাজারের বেশি প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাবে ভোটার সংখ্যা প্রায় ৩৫ হাজার ৩২১ জন; তবে সংশোধন শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

কুইন্সে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। এ সময় কমিশনের সদস্য বদরুল হোসেন খান, শামসুদ্দিন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল ও মিতু হামিদ উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে এবং জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট। ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর।

আগামী ১৮ অক্টোবর দিনব্যাপী নিউইয়র্কের ব্রঙ্কস, কুইন্সের উডসাইড ও জ্যামাইকা এবং ব্রুকলিনের ফুলটন ও ওজন পার্ক—এই পাঁচ কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার হতে মাথাপিছু ২০ ডলার ফি দিয়ে প্রাথমিকভাবে প্রায় ৩৫ হাজার ৩২১ জন নিবন্ধিত হয়েছেন। তবে সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার সংখ্যা নিশ্চিত হবে।

মনোনয়ন ফিও পদভেদে নির্ধারণ করা হয়েছে। সভাপতি পদে ৬ হাজার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক পদে ৫ হাজার, সহ-সভাপতি পদে ৪ হাজার ৫০০, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ হাজার ২০০, কোষাধ্যক্ষ পদে ৩ হাজার, সাংগঠনিক সম্পাদক পদে ২ হাজার ৫০০ এবং অন্যান্য পদে ২ হাজার ডলার ফি নির্ধারণ করা হয়েছে। সদস্য পদে ফি ১ হাজার ৫০০ ডলার। এসব ফি অফেরতযোগ্য এবং সার্টিফাইড চেক বা নগদে জমা দিতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার সংখ্যার দিক থেকে এবারের নির্বাচন বাংলাদেশ সোসাইটির ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন হতে যাচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কাজ চলছে।

তিনি আরও জানান, ‘নো আইডি, নো ভোট’ নীতি অনুসরণ করা হবে। ভোটাররা নির্ধারিত কেন্দ্রেই ভোট দিতে পারবেন।

নির্বাচনের প্রাথমিক বাজেট প্রায় ২ লাখ ৬০ হাজার ডলার জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এর মধ্যে শুধু ভোটিং মেশিনেই প্রায় ৯০ হাজার ডলার ব্যয় হতে পারে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করতে তিনি সকল প্রার্থী ও ভোটারের সহযোগিতা কামনা করেন।

Related posts

EU Offers Canada First-Ever Associate Membership

Trump Threatens Tariffs on EU Over Canada Membership Proposal

Kathy Hochul Unveils $1 Million-per-Megawatt Data Center Investment Framework