শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার (৭ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যাবাসন একটি সম্পূর্ণ আইনি বিষয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

একই সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ রাখার বিষয়ে ভারতের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টিকে একটি সুনির্দিষ্ট ও কাঠামোবদ্ধ আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনের ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’ সেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্নের জবাবে ত্রিবেদী বলেন, বিষয়টি একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং এর সঙ্গে বিচার বিভাগ ও আদালত সরাসরি যুক্ত। ফলে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকার তাঁকে সেখানে নিয়ে যায়নি এবং তাঁর আগমনের জন্যও দিল্লি আগে থেকে প্রস্তুত ছিল না। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির মধ্যে তাঁকে বহনকারী সামরিক উড়োজাহাজ ভারতে পৌঁছালে মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় সেটিকে অবতরণের অনুমতি দেওয়া হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সরকার ইতোমধ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। নয়াদিল্লির বক্তব্য অনুযায়ী, ওই অনুরোধ দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি ও সংশ্লিষ্ট আইনি কাঠামোর আওতায় পর্যালোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক কেবল তাৎক্ষণিক স্বার্থ বা লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন জড়িত। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

Related posts

৫ হাজারের বেশি নিখোঁজ রেখেই নেপালে উদ্ধার অভিযান শেষ

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৬১০০