ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত ও গোয়েন্দা সমন্বয় বজায় রেখে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি জোরদার করছে ইসরায়েলি সেনাবাহিনী—এমন দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরায়েল সম্ভাব্য আগাম হামলা কিংবা ইরানের কোনো হামলার জবাব দেওয়ার জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে। তবে আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ইরানের পারমাণবিক কর্মসূচিকে দেশটির জন্য অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা  জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির প্রস্তুতির অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহে ইসরায়েলে অতিরিক্ত সেনা ও সামরিক বিমান পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে, বর্তমানে ইসরায়েলে প্রায় ৩ হাজার মার্কিন সামরিক সদস্য অবস্থান করছেন। তাদের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনাকারী সেনা, পাইলট, সহায়তা কর্মী ও লজিস্টিকস সদস্য রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে আগামী সপ্তাহগুলোতে আরও মার্কিন সেনা ও বিমান ইসরায়েলে পৌঁছাতে পারে। একই সঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে সমন্বয় রেখে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাত মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।

তবে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত রোববার বলেছেন, তেহরান একটি ন্যায্য সমাধানে পৌঁছাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত।

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত উপস্থাপন করেছিল বলে জানা যায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে জানিয়েছেন, ওয়াশিংটন ওই শর্তগুলো গ্রহণ করেনি।

এদিকে ইরান-ইসরায়েল পরিস্থিতিতে সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক তৎপরতা—দুই দিকই অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Related posts

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৬১০০

দিল্লিতে অবস্থান কর্মসূচি থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক

ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প