জাতীয় দলে সাকিব আল হাসান-এর প্রত্যাবর্তন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সাকিবকে দীর্ঘ সময়ের জন্য দলে চান তারা। শনিবার (১১ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় তিনি বলেন, সাকিবের সঙ্গে তার কথা হয়েছে। তিনি জানতে চেয়েছেন, সাকিব কতটা প্রস্তুত আছেন। কারণ, বর্তমানে তিনি যেখানে আছেন সেখানে নিয়মিত আন্তর্জাতিক মানের ক্রিকেট বা অনুশীলনের সুযোগ সীমিত।
প্রধান নির্বাচক বলেন, “ফিটনেস নিয়ে কাজ করা সম্ভব হলেও নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট না থাকাটা একটা বড় বিষয়। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে পূর্ণ প্রস্তুতি জরুরি।”
তিনি আরও জানান, টিম ম্যানেজমেন্ট চায় সাকিবকে শুধু স্বল্পমেয়াদে নয়, বরং দীর্ঘ সময়ের জন্য দলে রাখতে। তবে এজন্য তার প্রস্তুতি ও ফিটনেসই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের আগ থেকেই সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। ওই বছরই সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। রাজনৈতিক ও আইনগত জটিলতার কারণে এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি সাবেক এই অধিনায়কের।
এরপর তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও সাম্প্রতিক সময়ে নিয়মিত ক্রিকেটে দেখা যায়নি তাকে। এমনকি এবারের পাকিস্তান সুপার লিগেও কোনো দল পাননি সাকিব। সব মিলিয়ে, সাকিবের জাতীয় দলে ফেরা এখনো অনিশ্চিত থাকলেও নির্বাচকদের আগ্রহ তার প্রতি আগের মতোই রয়েছে।