দেশব্যাপী চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিরপেক্ষ তালিকা প্রস্তুত করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা সম্পন্ন হলেই জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইতোমধ্যে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ইন্তেখাব চৌধুরী জানান, তালিকায় যাদের নাম আসবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তালিকা প্রস্তুত হওয়ার পর যে কোনো সময় অভিযান শুরু করা হতে পারে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি কোনো নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। মহাসড়ককেন্দ্রিক পরিবহন খাত, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ প্রয়োগ—সব ধরনের চাঁদাবাজিকেই এই তালিকার আওতায় আনা হচ্ছে।
ভুক্তভোগীরা অনেক সময় ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে চান না উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করেই তালিকা প্রস্তুত করা হচ্ছে।
তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এই তালিকা সম্পূর্ণ নিরপেক্ষ হবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।