নিউইয়র্ক স্টেটের ইরি কাউন্টির স্বাস্থ্য বিভাগ (ECDOH) ছয় মাস বা তার বেশি বয়সী সব বাসিন্দাকে মৌসুমি ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু প্রতিরোধে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। চলতি মৌসুমে ফ্লুর সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত টিকা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে বিভাগটি।
ইরি কাউন্টি স্বাস্থ্য বিভাগের কমিশনার ডা. গেইল বার্সটেইন বলেন, প্রতিবছর ছড়িয়ে পড়া ভাইরাসের ধরন অনুযায়ী ফ্লুর টিকার উপাদান হালনাগাদ করা হয়। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে একজন ব্যক্তি ১০ দিন বা তারও বেশি সময় অসুস্থ থাকতে পারেন। এতে কর্মক্ষেত্র কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তাই কয়েক মিনিট সময় নিয়ে ফ্লুর টিকা গ্রহণ করলে শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি কমানো এবং শীতকালজুড়ে নিজেকে ও পরিবারের সদস্যদের সুস্থ রাখার সম্ভাবনা বাড়ানো যায়।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC)-এর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমের শুরুতেই ফ্লুর সংক্রমণ বছরের এই সময়ের স্বাভাবিক মাত্রার তুলনায় বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে ছুটির দিনে ভ্রমণের পরিকল্পনা থাকলে এখনই টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউইয়র্ক স্টেটের স্বাস্থ্য বিভাগ গত ২৬ অক্টোবর ইনফ্লুয়েঞ্জাকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া রোগ হিসেবে ঘোষণা করেছে। গত বছর একই ঘোষণা দেওয়া হয়েছিল ২ ডিসেম্বর, অর্থাৎ এবার প্রায় পাঁচ সপ্তাহ আগেই ফ্লুর প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে হাসপাতাল ও আবাসিক পরিচর্যা কেন্দ্রগুলোতে রোগী বা বাসিন্দাদের কাছাকাছি অবস্থানের সময় কিছু কর্মীকে মাস্ক পরতে দেখা যাচ্ছে। টিকা না নেওয়া কর্মীদের মাধ্যমে শ্বাসতন্ত্রের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডা. বার্সটেইন বলেন, প্রতিবছর কমিউনিটির উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ফ্লুর টিকা নেন। তবে অতিরিক্ত একজন ব্যক্তি টিকা নিলেও তা আশপাশের মানুষের সুরক্ষায় ভূমিকা রাখে। টিকা নেওয়ার পরও কেউ আক্রান্ত হতে পারেন, তবে সাধারণত উপসর্গের তীব্রতা কম থাকে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু, নবজাতক ও গর্ভবতীদের সুরক্ষায় টিকা নেওয়া জরুরি। পাশাপাশি নিয়মিত সাবান-পানিতে হাত ধোয়া এবং অসুস্থ অবস্থায় কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে না গিয়ে বাড়িতে থাকাও সংক্রমণ প্রতিরোধে কার্যকর।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ফ্লু ও কোভিড-১৯-এর টিকা স্থানীয় ফার্মেসি, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক এবং কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাচ্ছে। অধিকাংশ স্বাস্থ্যবিমায় ফ্লুর টিকার খরচ বিনামূল্যে অন্তর্ভুক্ত রয়েছে। যাদের বিমা নেই, তারাও যোগ্যতা অনুযায়ী ভ্যাকসিনস ফর চিলড্রেন (VFC) এবং ভ্যাকসিনস ফর অ্যাডাল্টস (VFA) কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে টিকা পেতে পারেন।
ইরি কাউন্টি স্বাস্থ্য বিভাগ বাফেলোর ৬০৮ উইলিয়াম স্ট্রিটে অবস্থিত ইমিউনাইজেশন ক্লিনিকে এসব কর্মসূচির আওতায় টিকা প্রদান করছে। এ জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ফোন নম্বর: (৭১৬) ৮৫৮-৭৬৮৭। সেখানে সরাসরি গিয়ে টিকা নেওয়ার সুযোগ নেই।
স্বাস্থ্য বিভাগ বিশেষভাবে ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি, গর্ভবতী নারী, দুই বছরের কম বয়সী শিশু, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি, দুর্বল রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন মানুষ এবং নার্সিং হোমে বসবাসকারীদের ফ্লুর ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। ছয় মাসের কম বয়সী শিশুরা ফ্লুর টিকা নেওয়ার উপযোগী নয়। তাই তাদের সুরক্ষায় পরিবারের অন্য সদস্যদের টিকা গ্রহণও গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য বিভাগের মতে, মৌসুমি ফ্লু একটি গুরুতর, তবে প্রতিরোধযোগ্য স্বাস্থ্যঝুঁকি। সময়মতো টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ব্যক্তি ও কমিউনিটি উভয়ের সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।