জাতীয় ব্রেস্টফিডিং সচেতনতা মাস উপলক্ষে ইরি কাউন্টি এবার সাতটি প্রতিষ্ঠানকে ‘ব্রেস্টফিডিং, চেস্টফিডিং অ্যান্ড ল্যাকটেশন ফ্রেন্ডলি ওয়ার্কসাইট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে কাউন্টিতে এই কর্মসূচির আওতায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭টিতে এবং কর্মস্থলের সংখ্যা ছাড়িয়েছে ৮৬টি। এসব প্রতিষ্ঠানে ইরি কাউন্টির কয়েক হাজার কর্মী সুবিধা পাচ্ছেন।
নতুন স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Buffalo Federation of Neighborhood Centers, Calming Nature Doula, CINQCARE, Mental Health Advocates of WNY এবং Rosina Food Products. এছাড়া Beechwood Continuing Care ও BestSelf Behavioral Health ২০২৬ সালে নতুন কর্মস্থল যুক্ত করায় তাদেরও স্বীকৃতি দেওয়া হয়েছে।
টোনাওয়ান্ডার Lincoln Park Athletic Complex-এ নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব লেবারের Western New York Regional Career Fair চলাকালে ইরি কাউন্টি ডিপার্টমেন্ট অব হেলথের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলোকে এই স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে এরি কাউন্টির স্বাস্থ্য কমিশনার ড. গেইল বার্সটেইন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং চাকরিপ্রার্থীদের উৎসাহিত করেন।
কাউন্টির কর্মকর্তারা বলেন, সন্তান জন্মের পর কর্মজীবী বাবা-মায়ের জন্য কর্মস্থলে স্তন্যদান বা দুধ সংগ্রহের উপযোগী পরিবেশ তৈরি করা কর্মী ও নিয়োগকর্তা—উভয়ের জন্যই ইতিবাচক। এতে কর্মীদের সন্তুষ্টি ও ধরে রাখার হার বাড়তে পারে, চিকিৎসা ব্যয় কমতে পারে এবং কর্মীদের অনুপস্থিতিও হ্রাস পেতে পারে।
ডেপুটি কাউন্টি এক্সিকিউটিভ লিসা চিমেরা বলেন, সন্তান জন্মের পর কর্মীদের সহায়তা করা একটি ‘উইন-উইন’ উদ্যোগ। কর্মস্থলে ব্যক্তিগত ও আরামদায়ক ল্যাকটেশন কক্ষ, প্রয়োজনীয় নীতিমালা এবং দুধ সংগ্রহের সুযোগ থাকলে নতুন অভিভাবকদের মানসিক চাপ কমে এবং তারা কর্মজীবনে আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন।
স্বাস্থ্য কমিশনার ড. বার্সটেইন বলেন, কর্মস্থলে একটি ছোট পরিবর্তন—যেমন আলাদা ও আরামদায়ক ল্যাকটেশন কক্ষ বা হালনাগাদ নীতিমালা—একজন কর্মীর জন্য বড় পার্থক্য তৈরি করতে পারে। এই কর্মসূচি মাতৃ ও শিশুর স্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি কর্মস্থলে নিউইয়র্ক স্টেটের প্রযোজ্য বিধিবিধান অনুসরণে নিয়োগকর্তাদের সহায়তা করে।
ইরি কাউন্টির তথ্য অনুযায়ী, তাদের কর্মসূচির মাধ্যমে নিয়োগকর্তাদের কর্মস্থলে স্তন্যদান, চেস্টফিডিং বা দুধ সংগ্রহের জন্য নিরাপদ, ব্যক্তিগত ও আরামদায়ক পরিবেশ তৈরিতে সহায়তা করা হয়।