প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। শুক্রবার ইসলামাবাদে নির্ধারিত বৈঠকের আগে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার প্রশাসনের অবস্থান তুলে ধরে এ কথা বলেন তিনি। বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, এবং আমরা মনে করি দেশটিতে একটি ফলপ্রসূ ‘রেজিম চেঞ্জ’ ঘটেছে।
তিনি আরও বলেন, ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে গভীরে মাটির নিচে থাকা (বি-২ বোমারু বিমান দ্বারা আঘাতপ্রাপ্ত) পারমাণবিক ‘ধূলিকণা’ খনন করে অপসারণ করবে। এছাড়া ট্রাম্প দাবি করেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ওপর যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারি অব্যাহত রয়েছে।