বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও সমাজসেবী জনাব আবু নাসের আবারও বাংলাদেশ সোসাইটি ইনক-এর ২০২৭–২০২৮ মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সংগঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে তিনি প্রবাসী সমাজে একজন দক্ষ, নির্ভরযোগ্য ও সৎ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি অর্জন করেছেন।
জনাব আবু নাসের কোম্পানীগঞ্জের কমিশনার হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি একাধিকবার ট্রাস্টি বোর্ডের সদস্য, পিকনিক কমিটির চেয়ারম্যান এবং অডিট কমিটির প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দক্ষতার পরিচয় দিয়েছেন। বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের সঙ্গেও তার দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে। তিনি সেখানে তিনবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একাধিকবার ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন। সংগঠনটির বিভিন্ন নির্বাচনে, বিশেষ করে সালামত–নূর হোসেন পরিষদ এবং পরবর্তীতে বায়দুল হক – তাজু মিয়া পরিষদের নির্বাচনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে সফলতা অর্জন করেন।
এছাড়াও অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক-এর নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কুনু আজম পরিষদ ও পরবর্তীতে অয়ন–আলী পরিষদের নির্বাচনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি তার সাংগঠনিক দক্ষতা ও নিরপেক্ষতা প্রমাণ করেছেন।
বর্তমানে ২০২৭–২০২৮ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়ে তিনি আবারও একটি গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করেছেন। তার নেতৃত্বে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশিদের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।
সহকর্মী ও কমিটির সদস্যদের কাছে আবু নাসের একজন আদর্শ, বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত। একজন সামাজিক কর্মী হিসেবে তিনি সবসময় কমিউনিটির উন্নয়ন, ঐক্য ও কল্যাণে কাজ করে যাচ্ছেন।বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে তার অবদান ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।