সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার ঘটনার পর দেশটিতে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে সাতটি দেশ। তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এসব দেশের সরকার নাগরিকদের সৌদি আরবের নির্দিষ্ট বিমানবন্দর ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে যাতায়াতের বিষয়ে সতর্ক করেছে।
সোমবার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করে। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানও একই ধরনের নির্দেশনা দিয়েছিল।
অস্ট্রেলিয়ার বৈদেশিক ও বাণিজ্য বিভাগ দেশটির নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে ভ্রমণের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় নাগরিকদের রিয়াদের প্রধান বিমানবন্দর এবং নাজরান, জাজান ও আসির প্রদেশে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটি।
এর আগে রোববার (১১ অক্টোবর) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস ইরান ও হুথি বিদ্রোহীদের হামলার হুমকির কথা উল্লেখ করে নাগরিকদের সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলে। কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সও দেশটির যেকোনো স্থানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার পরামর্শ দেয়।
দক্ষিণ কোরিয়া জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের সৌদি আরব ত্যাগ করার এবং নতুন ভ্রমণ পরিকল্পনা থাকলে তা বাতিল করার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জেদ্দা ও দাম্মামে ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে। এ ছাড়া মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার পরামর্শ দিয়েছে দেশটি।
প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে অন্তত পাঁচটি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
গত রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন নিহত এবং ১১ জন আহত হন। এর আগের দিন শনিবার একই বিমানবন্দরে আরেকটি হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত এক দশকের মধ্যে এটিকে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। রোববারের হামলার দায় কেউ স্বীকার না করলেও আগের চারটি হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীদের সংশ্লিষ্ট দেশের সরকারি ভ্রমণ নির্দেশনা, বিমান সংস্থার আপডেট এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা পরামর্শ অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।