জাপানের সামরিক নীতি পরিবর্তনে চীনের কড়া সতর্কবার্তা

জাপানের অস্ত্র রপ্তানি নীতিতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিংয়ের দাবি, এই পদক্ষেপ জাপানের পুনরায় সামরিকীকরণের ইঙ্গিত দেয় এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, জাপানের এই নীতিগত পরিবর্তন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার পরিপন্থী এবং এতে নতুন করে সামরিকীকরণের আশঙ্কা তৈরি হচ্ছে।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নিয়েছেন। চীন, তাইওয়ান ইস্যু এবং উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে টোকিও জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ছয় দশক পর প্রথমবারের মতো জাপান অংশীদার দেশগুলোর কাছে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির সুযোগ দিতে পারে। এতে দেশটির সামরিক নীতিতে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ জাপানের সংবিধান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর বিরোধী। একই সঙ্গে জাপানের ডানপন্থী গোষ্ঠীগুলোর সমালোচনা করে বলা হয়, তারা দেশটির নিরাপত্তা নীতিকে আক্রমণাত্মক ও সম্প্রসারণবাদী দিকে নিয়ে যাচ্ছে। এদিকে জাপানের অভ্যন্তরেও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী নেতা আকিরা নাগাতসুমা সংসদের পূর্বানুমোদন ছাড়া অস্ত্র রপ্তানির সিদ্ধান্ত নেওয়ার সমালোচনা করেছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-এর এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ নাগরিক অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিলের বিরোধিতা করছেন। বিশ্লেষকদের মতে, জাপানের এই নীতিগত পরিবর্তন এশিয়া অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং চীন-জাপান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

Related posts

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করবে ভারত

ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না: ট্রাম্প