ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও শর্ত ভঙ্গ হলে আবারও সামরিক অভিযান শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান যদি ‘প্রকৃত চুক্তি’ সম্পূর্ণভাবে মেনে না চলে, তবে যুক্তরাষ্ট্র নতুন করে ভয়াবহ হামলা চালাতে পিছপা হবে না।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা সব মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক সরঞ্জাম আগের অবস্থানেই রাখা হয়েছে। তার ভাষায়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, এই বার্তা দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়েও ইরানের ওপর সামরিক ও মানসিক চাপ ধরে রাখার একটি কৌশল। ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরান যদি চুক্তির শর্ত ভঙ্গ করে, তবে এমন আক্রমণ চালানো হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি।

তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে দুর্বল হয়েছে। তবে মার্কিন বাহিনী অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে প্রস্তুত রয়েছে। ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখা এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। এই শর্তগুলো মানা না হলে যুদ্ধবিরতি শেষে আবারও ‘লড়াকু অভিযান’ শুরু হবে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্প বলেন, বর্তমানে মার্কিন সেনারা প্রস্তুত অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে দ্রুত অভিযান চালাতে সক্ষম।

বিবৃতিতে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন এবং বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না—এটি একটি চূড়ান্ত সিদ্ধান্ত। ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ইরান যদি এই চুক্তির শর্ত নিয়ে দ্বিমত পোষণ করে, তবে বড় ধরনের সামরিক সংঘাত আবারও শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১০ এপ্রিল সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতি চললেও ট্রাম্পের এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, এই শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি মূলত একটি চাপ প্রয়োগের কৌশল, যার মাধ্যমে ইরানকে চূড়ান্ত চুক্তিতে বাধ্য করতে চাইছে ওয়াশিংটন।

 

Related posts

যেকোনো সময় ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

জাপানের সামরিক নীতি পরিবর্তনে চীনের কড়া সতর্কবার্তা