সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৬০০ ছাড়াল

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রিজভী বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে এবং শুক্রবার একদিনেই পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। ফরম বিক্রি ও জমা কার্যক্রম আজ ও আগামীকালও চলবে।

তিনি জানান, প্রার্থীদের আবেদন দলীয় মনোনয়ন বোর্ডে জমা পড়বে এবং খুব শিগগিরই প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করেই প্রার্থী বাছাই করা হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে দলের সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং জানান, এখন পর্যন্ত ৬০০টির বেশি ফরম বিক্রি হয়েছে, আর জমা পড়েছে প্রায় ৭৮-৭৯টি। আগামীকাল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।

রিজভী বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের পর দল এখন গণতান্ত্রিক পরিবেশে এসেছে, তাই এবারের মনোনয়ন প্রত্যাশা বেশি। তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে যাদের অবদান রয়েছে, যারা দক্ষ এবং সমাজে গ্রহণযোগ্য—তাদের মধ্য থেকেই প্রার্থী বাছাই করা হবে।

তিনি জানান, সময় স্বল্পতার কারণে দ্রুত মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে, কারণ চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রমও সম্পন্ন করতে হবে।

শনিবারও নয়াপল্টন কার্যালয়ে শিক্ষক, আইনজীবী, শিল্পী ও ছাত্রদলের সাবেক নেত্রীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে কণ্ঠশিল্পী কনকচাঁপা এবং প্রয়াত নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনসহ কয়েকজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে। ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭-২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

Related posts

দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান আওয়ামী লীগের তৃণমূলের

চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে : র‍্যাব

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস