ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ-২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিলটি সংসদে উত্থাপন করেন। পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি ভোটের জন্য উপস্থাপন করলে সংসদ সদস্যরা কণ্ঠভোটে ‘হ্যাঁ’ বলে এর পক্ষে সমর্থন জানান।
এই অধ্যাদেশের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধাদের কল্যাণ, পুনর্বাসন এবং তাদের অবদানের স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শ রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার কথাও এতে উল্লেখ করা হয়েছে।
এর আগে একই বিষয়ে উত্থাপিত বিলে ‘জুলাই যোদ্ধা’দের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা এবং দায়মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়, যা সংসদে সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদন পায়। বিশ্লেষকদের মতে, নতুন এই অধ্যাদেশ বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবার ও যোদ্ধাদের সামাজিক নিরাপত্তা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।