পেট্রলের দাম কমে চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে খাদ্য ও আবাসন ব্যয় বৃদ্ধির কারণে দেশটিতে মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের মাসের তুলনায় ০.৪ শতাংশ বেড়েছে। গত জুলাই থেকে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম কমে ৩ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে, যা জুলাইয়ের পর প্রথমবারের মতো ৪ ডলারের নিচে। তবে গত বছরের একই সময়ে প্রতি গ্যালন পেট্রলের দাম ছিল ৩ দশমিক ০৭ ডলার। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় এই দাম ছিল ২ দশমিক ৯৮ ডলার। হরমুজ প্রণালি বন্ধ থাকার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসা এবং জ্বালানি বাজারে চাপ হ্রাস পাওয়ায় পেট্রলের দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
এদিকে জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক পরিস্থিতি ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় ছিল। রয়টার্স/ইপসোসের এক জরিপে ৭৮ শতাংশ ভোটার জানিয়েছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্যরা ইরান যুদ্ধের প্রভাব নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে স্বীকার করেছেন।